ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জবাবদিহিতার আওতায় আনতে যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। রবিবার কলম্বিয়া-ভেনিজুয়েলা সীমান্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভেনিজুয়েলায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে সীমান্ত খুলে দেওয়ার জন্য মাদুরোর প্রতি আহবান জানান তিনি।
পম্পেও বলেন, ভেনিজুয়েলার জনগণের সাহায্যে যুক্তরাষ্ট্র যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদানগুলো ব্যবহার করবে। নিষেধাজ্ঞা, ভিসা প্রত্যাহার ও অন্যান্য উপায়ে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পম্পেও কলম্বিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটিতে আশ্রয় নেওয়া ভেনিজুয়েলীয় শরণার্থীদের সঙ্গেও সাক্ষাত্ করেন। তিনি মাদুরোর উদ্দেশ্যে বলেন, ‘বিভিন্ন সেতু ও সীমান্ত খুলে দিয়ে আপনি আজকেই এই সমস্যার সমাধান করতে পারেন।’ প্রসঙ্গত, ভেনিজুয়েলায় সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণে দেশটির হাজার হাজার নাগরিক সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
মাদুরোকে সমর্থন দেওয়ায় রাশিয়া ও কিউবাকে একহাত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পম্পেও বলেন, এ সমর্থনের জন্য তাদের মূল্য দিতে হবে। মার্চে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা ও প্রায় শখানেক সেনাসদস্য বহনকারী দুটি বিমান ভেনিজুয়েলায় অবতরণ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনিজুয়েলার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রুশ সেনাদের ভেনিজুয়েলা পাঠানোর সিদ্ধান্ত নেয় মস্কো।