চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি হাসপাতালে এই প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছাগলের পেট থেকে সুস্থ একটি ছাগলছানা প্রসব করানো হয়েছে। বর্তমানে মা ছাগল ও বাচ্চা সুস্থ আছে। মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটে সিজারিয়ান বাচ্চাটি হয়। এই সফল সিজারিয়ান অপারেশনটি করেন প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতার দিপ্তীর নেতৃত্বে একদল চিকিৎসক।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলার গাবতলী বাজার মুসলিমনগর এলাকার ফালেছা বেগম একটি মা ছাগল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে আসেন। এরপর হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতার ওই ছাগলটিকে পর্যবেক্ষণ করেন এবং সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতার দিপ্তী বলেন, ইন্টার্ন চিকিৎসক সাজিদ হাসান ও ভেটেরিনারি ফিল্ড এ্যাসিসটেন্ট মো. বাবরকে নিয়ে সিদ্ধান্ত নিলাম সিজার করাতে হবে। অপ্রতুল যন্ত্রপাতি ও হাসপাতালের অনুপযুক্ত পরিবেশের পরও সিজার করা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর এতে সফলতাও পাওয়া গেছে। অনেকেই জানেন না পশুরও সিজারের মাধ্যমে বাচ্চা হয়।
ইত্তেফাক/আরকেজি