রাফাল নিয়ে পাল্টাচাপে রাহুল

ভারতে লোকসভা ভোটের প্রচারে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধীর সবচেয়ে বড় অস্ত্র রাফাল চুক্তির অসঙ্গতি। প্রায় প্রতিটি প্রচার সভায় স্লোগান তুলছেন ‘চৌকিদার চোর হ্যায়’। কিন্তু রাফাল ইস্যুতে সেই স্লোগান নিয়েই এবার কার্যত বিপাকে কংগ্রেস সভাপতি। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করে জনসমক্ষে এবং সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন, বিজেপির এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। সাত দিনের মধ্যে অর্থাত্ ২২ এপ্রিলের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার পরের দিন ফের এই মামলার শুনানি।

সোমবার রাহুলকে নোটিস দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আমরা এটা স্পষ্ট করতে চাই, সংবাদমাধ্যম এবং জনসমক্ষে নোটিস গ্রহণকারী (রাহুল) যে মন্তব্য করেছেন তা ভুলভাবে আদালতের উপর চাপানো হয়েছে। আমরা আরো বলতে চাই, আদালত কখনো এই ধরনের পর্যবেক্ষণ করেনি। আমরা শুধু নথিপত্র (রাফাল) খতিয়ে দেখার অনুমতি দিয়েছিলাম।’ খবর আনন্দবাজার পত্রিকার