মুসলিমদের এক হাতে কোরআন ও অন্য হাতে কম্পিউটার থাকুক: নরেন্দ্র মোদী

মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে ওঠার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ তাদের এক হাতে কোরআন থাক, অন্য হাতে উঠুক কম্পিউটার।’ দিল্লীতে বৃহস্পতিবার ‘ইসলামিক হেরিটেজ: প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ নামে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।
 
মোদী বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো মানে কোনো বিশেষ ধর্মীয় মতাদর্শের বিরোধিতা করা নয়। যে মানসিকতা যুবসমাজকে বিভ্রান্ত করে, লড়াইটা তার বিরুদ্ধে। মুসলিমদের বিভ্রান্ত যুবসমাজকে ইসলামের মানবিক দিকগুলি বুঝতে হবে। তারই সঙ্গে আধুনিক প্রযুক্তিতেও তাদের দক্ষ হয়ে উঠতে হবে। ‘সব ধর্মেই মনুষ্যত্বকে গুরুত্ব দেয়া হয়। ভারতীয় সংবিধানেও বহুত্ববাদকে স্বীকৃতি দেয়া হয়েছে’ বলেও জানান তিনি।
IMG0
ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারত সফরে আসা জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে জর্ডনের রাজা বলেন, ‘এটা বুঝতে হবে, ধর্মের নামে হিংসা আসলে ধর্মের উপরেই আঘাত। ধর্মের নামে যারা বিদ্বেষ ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আমাদের প্রত্যাখ্যান করতে হবে।’ এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু