নববর্ষে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ আনলো টেলিটক

আরিফুর রহমান

 

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটককে উন্নত গ্রাহক সেবার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতায় যোগ্যরাই টিকে থাকে। ঢাকায় জিপিও মিলনায়তনে বাংলা নববর্ষ উপলক্ষে টেলিটকের সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাকেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

এ সময় তিনি টেলিটককে জনপ্রিয় করতে সংশ্লিষ্টদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মো. সাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে তথ্যপ্রযুক্তির সুফল পৌঁছে দিতে ইন্টারনেট সহজলভ্য এবং ব্যয় সাশ্রয়ীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ সফলতার মাইলফক স্থাপন করেছে। গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচি বাংলাদেশ প্রযুক্তি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তথ্যপ্রযুক্তিতে গ্রাম ও শহরের মধ্যে কোনো তফাত্ থাকবে না। ইতোমধ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে। জনগণ সাশ্রয়ীমূল্যে ইন্টারনেট সেবা যাতে পেতে পারে সে লক্ষ্যে ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা হয়েছে।’

পরে মন্ত্রী সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সবচেয়ে কমরেটে টেলিটক ইন্টারনেট প্যাকেজ উদ্বোধন করেন।

 নববর্ষ উপলক্ষে টেলিটক ঘোষিত প্যাকেজে ১ জিবি ২৩ টাকা, মেয়াদ ৭ দিন। ৩০ দিন মেয়াদে একজিবির মূল্য ৪৬ টাকা। ২ জিবি ৩০ দিন মূল্য ৮৫ টাকা। ৩ জিবি ৩৩ টাকা, মেয়াদ ৩ দিন। ৩ জিবি ৬৩ টাকা, মেয়াদ ১০ দিন। ৫ জিবি ৯৭ টাকা, মেয়াদ ১০ দিন এবং ১০ জিবি ১৯৮ টাকা,  মেয়াদ ১৫ দিন।