চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পশুহাট এলাকা থেকে ১০ মামলার আসামি ইমরানকে অস্ত্র, গুলি ও ড্যাগারসহ আবারো গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান ইত্তেফাককে জানান, শহরের বড় মসজিদপাড়ার সাবেক পুলিশ সদস্য আব্দুর রহমানের ছেলে ইমরান রাতে তার টার্গেটে থাকা একজনকে হত্যার উদ্দেশ্যে পশুহাট এলাকায় অবস্থান নেয়। কিন্তু তার আগেই পুলিশের টহল দলে থাকা জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পড়েন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাকে দৌড়ে জাপটায়ে ধরে ফেলেন পুলিশের এই অফিসার। এ সময় ইমরানের কাছ থেকে একটি শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি ড্যাগার উদ্ধার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য, এর আগে দু'বার অস্ত্রসহ ইমরান পুলিশের হাতে গ্রেফতার হয়। তিন বছর আগে র্যাব ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তার মা ভূমি অফিসের কর্মচারী মুকুলী বেগমের কাছে থাকা ৭০ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া ইমরানের বিরুদ্ধে ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জোরপূর্বক মেয়ে তুলে নিয়ে যাওয়া ও মারামারিসহ মোট ১০টি মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস