রাণীনগরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁর রাণীনগরে দিপীকা রাণী (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রহস্যজনক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
 
আজ শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দিপীকা রাণী উপজেলার বিশিয়া হিন্দুপাড়া গ্রামের শ্রী দুলাল চন্দ্র প্রামাণিকের মেয়ে। সে বগুড়ার আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
 
মেয়ের বাবা দুলাল চন্দ্র জানান, তার কলেজ পড়ুয়া মেয়ে বাড়ির সবার অজান্তে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে সেই কারণ কেউ বলতে পারছে না। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোন কারণে দিপীকা আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।
 
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
 
ইত্তেফাক/এসএস