সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কোরবান আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কচুয়া-মহানন্দপুর সড়কের বাসারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী উপজেলার বাসারচালা গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবান আলী উপজেলার কালিয়া ইউনিয়নের বাসারচালা বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় সখীপুরগামী একটি বাঁশ ভর্তি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
 
সখীপুর থানার (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এসএস