চলো চলো ‘সুরগাঁও’ চলো

 
আনাল ফকির, আসমান, সুহি, ওষ্ঠকালা ও হাক্কা ব্যাপারীদের ‘সুরগাঁও’ এ আবারো বাজবে অসুর বধের সুর। স্থান-কাল নিরপেক্ষ এ গ্রামের মেয়ে সুহী বাবার উপর অভিমান করে বিবসনা হয়, তবুও তাকে সবাই দেখে সজ্জিত বসনে! আর সেই দৃশ্য দেখতেই দেশ নাটকের আহ্বান ‘চলো চলো সুরগাঁও চলো।’
 
প্রায় পাঁচ মাস পর মঞ্চে ফিরছে দেশ নাটকের ২২তম প্রযোজনা সুরগাঁও । ৬ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে ‘সুরগাঁও’। বাংলা নাট্য সাহিত্যের প্রথম জাদুবাস্তব নাটকটির রচয়িতা মাসুম রেজা। নির্দেশনাও তিনিই দিয়েছেন।
IMG0
 
‘সুরগাঁও’ নাটকের শুরুটা হয় আসমান ফকিরের যাদুর বাস্তবতা দিয়ে। তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি দেখতে পান। সুরগাঁওয়ের পত্তনকারী আনাল ফকির ১৮০ বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়েছেন। তিনি ফিরে আসছেন সুরগাঁওয়ে এবং ফিরেও আসেন। উধাও হয়ে যাওয়ার আগে কোনো একদিন বাঁশি বুড়ির হাতে দিয়ে যান এক মোহন বাঁশি। বলে যান, বাঁশির সুর দিয়ে মানুষের ভেতরের অসুরকে দূর করতে। সেই থেকে বাঁশি বুড়ি থানা থেকে আসামিদের চেয়ে নিয়ে এসে বাঁশি বাজানো শেখায়। আনাল ফকির ফিরে আসার পরই নতুন এক সঙ্কটের মুখোমুখি হয় সুরগাঁও। সময়ের বিপরীতে ১৮০ বছর আনাল ফকির প্রত্নকাল ভ্রমণ করেছেন। তার ইচ্ছায় তিনি ভ্রমণ করেন ব্যাবিলন, স্যার টমাস মুরের সময়কালের ইংল্যান্ড, কুরুরাজ্য, দামেস্ক, সক্রেটিসের সময়কালের গ্রিসসহ অনেক জায়গা। এসব স্থান ভ্রমণকালে ব্যাবিলনের রাণী, স্যার টমাস মুর, পাণ্ডবভার্যা দ্রৌপদী, সক্রেটিসের বন্ধু ক্রিটো এবং দামেস্কোর আমীর অমূল্য কিছু উপহার দেন আনাল ফকিরকে। কিন্তু কালের বিপরীতে ভ্রমণ এবং কালের গর্ভ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে তাম্রসেনার দল ঢুকে পড়ে সুরগাঁওয়ে। সুরগাঁওয়ে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। এভাবেই এগিয়ে যায় সুরগাঁও নাটকের কাহিনি।
IMG1
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুন চৌধুরী, কুদ্দুছ মাখন, শাহেদ নাজির, মেঘলা মায়া, তামিমা তিথি, নয়ন মাহমুদ শূন্য, জলি চৌধুরী, শাফিজ আল মামুন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, রোশেন শরিফ প্রমুখ। সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।
 
ইত্তেফাক/এএম