তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়বো। দেশের তরুণ সমাজ এর নেতৃত্ব দেবে। দেশের ৫০ লাখ তরুণ যুবকের কর্মসংস্থান তারা নিজেরাই করবে। অল্প কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন উপকরণ বিদেশে রপ্তানি হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির অর্থায়নে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্থাপিত 'হাই ডেফিনিশন ভিজুয়াল কম্পিউটিং অ্যান্ড মাল্টিমিডিয়া ল্যাব'র এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউিট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) আয়োজিত কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে এ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর (এবং অন্যান্য হাই-টেক পার্ক) প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক, গবেষক, শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল ও এপ্লাইড গবেষণার জন্য 'হাই ডেফিনিশন ভিজুয়াল কম্পিউটিং অ্যান্ড মাল্টিমিডিয়া ল্যাব' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ল্যাবে ৩২টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেস্কটপ ও ২টি ল্যাপটপসহ প্রজেক্টর, ক্যামেরা ও আনুষঙ্গিক উপকরণ রয়েছে।
ইত্তেফাক/এসএস