ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার নতুন চরে গত শুক্রবার দিবাগত রাত দুই টার দিকে আগুন লেগে ৯টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠিতে অবস্থান করায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ওসি মো. তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা এবং আওয়ামী লীগের নেতারা। এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।
IMG0
আগুন নিয়ন্ত্রণে আনার সময় আগুন এবং দমকলের পানিতে আরও ৫/৬টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস জানায়, ঘন বসতিপূর্ন এলাকাটির একটি ঘরে রান্নার চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন ছড়িয়ে পড়লে ৯টি ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ৯টি ঘর পুড়ে যায়। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে