অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়ি। আহত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে সদর উপজেলার সীতারামপুর, পরানপুর ও চন্দ্রদানী গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও পরাজিত বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের বিরোধ চলে আসছিল। তারা দু জনই আওয়ামী লীগের সমর্থক। এ নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম দুগ্রুপে বিভক্ত হয়েছে। আজ সকালে সীমরামপুর গ্রামে একটি চায়ের দোকানে্ উভয়পক্ষের দুইজন সমর্থকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে উভয়পক্ষের ৪-৫’শ লোক দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সীতরািমপুর, পরানপুর ও চন্দ্রদানি গ্রামে সংঘর্ষে লিপ্ত। ভাঙচুর করা হয় ২০টি বাড়ি। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএম