ইত্তেফাক ডেস্ক
উত্সবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার সারাদেশে উদযাপিত হয়েছে বর্ষবরণ উত্সব। বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে বিভিন্ন স্থানে বের হয় বর্ণিল শোভাযাত্রা। অনেকেই পোশাক ও সাজে বৈশাখের রঙ মেখে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে বেড়াতে বেরিয়েছেন। অনেকের দিন শুরু হয়েছে পান্তা-ভর্তা খাওয়ার মধ্য দিয়ে। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল— মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উত্সব। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল: রবিবার সূর্য উদয়ের পর থেকে জেলা প্রশাসন, চারুকলা বরিশাল, উদীচী শিল্পীগোষ্ঠী, শব্দাবলী গ্রুপ থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে বর্ষবরণের উত্সব উদযাপন করেছে। জেলা প্রশাসনের অয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খুলনা: সকালে খুলনা বিভাগীয় জাদুঘর চত্বরের বকুলতলায় বৈশাখী গানের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে নগরীর শিববাড়ি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
রংপুর: রংপুর জেলা প্রশাসনের অনুষ্ঠানমালায় সকালে রংপুর জিলা স্কুলের বটতলা বৈশাখী চত্বরে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রাজবাড়ী: সকালে গোয়ালন্দ মোড়ে মিতা সমবায় সমিতির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
দিনাজপুর: জেলা প্রশাসন ও বৈশাখী উত্সব উদযাপন পরিষদের উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
ফরিদপুর: ভোরে ফরিদপুর কোর্ট চত্বরে বর্ষবরণের আয়োজন করে ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
হবিগঞ্জ: বর্ষবরণ উত্সবের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
সুনামগঞ্জ: বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেরপুর: জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পঞ্চগড়: জেলা প্রশাসন কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে।
ভোলা (দক্ষিণ): জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
কক্সবাজার: বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
লক্ষ্মীপুর: কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ৫দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পান্তা উত্সবে মিলিত হয়। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের দুই দিন কর্মসূচির সোমবার শেষ দিনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করা হয়।
চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্ষবিদায় ও বর্ষবরণ উত্সবে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। সাহিত্য সংস্কৃতি পরিষদ ঘুড়ি উড়ানো গল্প বলা ও চিত্রাঙ্কন, কাঞ্চন-মালার পালা, ছড়া, জারিগান পরিবেশন করে।
এছাড়া রাজশাহীর বাঘা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রংপুরের বদরগঞ্জ, নোয়াখালীর হাতিয়া, সাতক্ষীরার তালা, নেত্রকোনার মদন, বরিশালের আগৈলঝাড়া, নরসিংদীর পলাশ, ফরিদপুরের চরভদ্রাসন ও মধুখালী, মানিকগঞ্জের ঘিওর, ময়মনসিংহের ত্রিশাল, নওগাঁর মান্দা, নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, শরীয়তপুরের গোসাইরঘাট, বরগুনার আমতলী, গাইবান্ধার সুন্দরগঞ্জ, শেরপুরের নকলা ও ঝিনাইগাতী, বগুড়ার নন্দীগ্রাম, ভোলার মরপুরা, কুড়িগ্রামের চিলমারী, বাগেরহাটের মোরেলগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, মেহেরপুরের গাংনীসহ সারাদেশে উত্সবমুখর পরিবেশে বর্ষবরণ উত্সব উদযাপন করা হয়।