পাটকাঠি বহনকারী চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় নামক এলাকায় পাটকাঠি বহনকারী একটি চলন্ত ট্রাক আগুন লেগে পুড়ে গেছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, পাটকাঠি বহনকারী ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি দুপুর ১২টার দিকে তালমা মোড় সংলগ্ন আলহাজ মজিদ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ পাটকাঠিতে আগুন ধরে যায়। এলাকাবাসী চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস খবর দেয়। ফরিদপুরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাটকাঠি ও ট্রাকটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় মহাসড়কে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
 
পুলিশ প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে ভস্মীভূত ট্রাক ও পাটকাঠি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। ট্রাকের মালিক নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাওছার মাতুব্বর নিজেই চালক ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি