হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। উপজেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত তুলশীগঙ্গা নদী। দু’টি নদীর বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থার রয়েছে। সংস্কারের কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
আধাইপুর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, বিগত বর্ষা মৌসুমে দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে পড়লে বদলগাছী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী ও তুলশীগঙ্গা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ছোট যমুনা নদীর সেনপাড়া বাঁধের পাকা সড়ক প্রায় ১ কিলোমিটার ১ ফিট পানির নিচে তলিয়ে যায়। সেই সময় স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতায় হাজার হাজার গ্রামবাসী দিনরাত পরিশ্রম করে বালির বস্তা মেরে তা রক্ষা করে। এর মাঝে সেনপাড়া- পারসোমবাড়ী বাঁধটির ১৫-২০ জায়গায় ভয়াবহ ভাঙন দেখা দিলে নিজ খরচে আমি সেই ভাঙন রোধ করি।
বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, বিগত বন্যায় যে ভাঙনের সৃষ্টি হয়েছিল এলাকাবাসী নিজ উদ্যোগে রক্ষা করে। বর্তমান শুষ্ক মৌসুমে নদীর বাঁধ সংস্কার করা না হলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে আগামীতে মানুষের বাড়ি-ঘর রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।
বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন বলেন, বেড়িবাঁধ ও রাস্তাগুলোর যে ক্ষতি হয়েছে সেগুলো এখনি সংস্কার না করলে আগামীতে আবার ভয়াবহ হয়ে দাঁড়াবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ জানান, আমি বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলব।
নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম খান বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। তবে তিনি জরুরি ভিত্তিতে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান।
নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদাকসু কুমার সরকার মোবাইল ফোনে বলেন, এই বেড়িবাঁধগুলো সংস্কার করার জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই জরুরিভাবে বাঁধগুলো সংস্কার করা হবে।