মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল হতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি এ বছরেই তাদের জন্য বৈশাখী ভাতা, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বিশেষ ভাতা চালু করছে সরকার।
রবিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিনেট সদস্য আতাউর রহমান প্রধানের পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভুয়া মুক্তিযোদ্ধারা যেন অনৈতিকভাবে সুবিধা নিতে না পারে সে জন্য এখন থেকে তাদের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করা হবে।
এসময় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি