শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের উপর অতর্কিত হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিরা এই খ্যাতিমান লেখক জাফর ইকবালকে মেরে ফেলার জন্যই এই হামলা চালিয়েছিল। তাদের পরিকল্পনা সফল হয়নি।
রবিবার সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের দিকে খেয়াল রাখতে হবে। তারা কি করছে, তারা কি কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে? এসব বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তিনি নতুন প্রজন্মকে আলোর পথে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকে, আমাদের সেদিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি সর্বাধিক সহযোগিতায় হাত প্রসারিত করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন চৌধুরী দোলনের সভাপতিত্বে এম এ মালেকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দাল রাজ্জাক। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মামুনুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি