শর্ত মানলে উ. কোরিয়ার সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তবে এতে একটা শর্ত আছে। তাহলো-দেশটিকে আগে পরমাণু অস্ত্রবিহীন দেশ হতে হবে। শনিবার সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের
 
বার্ষিক গ্রিডিরিয়ন ক্লাবে নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত কিছুদিন ধরে আলোচনা চলছে। তারা (উত্তর কোরিয়া) আমাদের সঙ্গে আলোচনা করার আগ্রহ দেখিয়েছে। আমরাও তাদের সঙ্গে আলোচনা করতে চাই। তবে এজন্য দেশটিকে অবশ্যই পরমাণু প্রকল্প বাদ দিতে হবে। আমরা তাদের সঙ্গে বৈঠক করবো এবং এতে কোনো ইতিবাচক ফল আসে কিনা তা দেখবো। 
 
ট্রাম্প বলেন, আমি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকে প্রত্যাখান করছি না। প্রেসিডেন্ট ট্রাম্প নৈশভোজে হাঁসি-ঠাট্টা করেন। তার এই বক্তব্যও সেই ঠাট্টার অংশ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সত্যি যদি বৈঠক হয় তাহলে এটা হবে ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম আলোচনা।
 
ইত্তেফাক/আনিসুর