চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাইছড়ি ছড়াখালে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাজিয়া জন্নাত (১০) ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর রংমহল এলাকার ছরওয়ার আলম ড্রাইভারের মেয়ে ও অপরজন একই এলাকার নেজাম উদ্দিন ড্রাইভারের মেয়ে আসমাউল হুসনা (৯)। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনার পরপর চকরিয়া থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) প্রিয়লাল ঘোষ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে ঘটনার বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের নির্দেশ দেন চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এলাকাবাসীর দাবি, বালু উত্তোলনের কারণে বগাইছড়ি ছড়াখালের বেশিরভাগ পয়েন্টে চোরাবালির গর্ত সৃষ্টি হয়েছে। এর একটিতে পড়েই ওই দুইটি শিশু মারা যায়।