‘সুরগাঁও’ হত্যার বদলে হত্যা বোঝেনা। এই গায়ে অপরাধীকে দেয়া হয় ‘বাঁশি’ বাজানোর শাস্তি। বাঁশির সুরে দূর করা হয় তার মনের অসুর। একদিন ‘সুরগাঁও’ শিকার হয় কালরক্ষী তাম্রসেনার। ‘সুরগাঁও’ এ নেমে আসে অস্থিরতা। শুরু হয় দুর্বলের উপর অস্ত্রধারীর অত্যাচার। অবশেষে হুল গজায় পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী প্রজাপতির মুখে! সেই হুলের বিষে জর্জড়িত হয় তাম্রসেনা ও তাদের দালালরা। এভাবেই নানান গল্পের ছলে যেন বাস্তবের গ্রামকেও ছাড়িয়ে যায় ‘সুরগাঁও’।
IMG1
সেই ‘সুরগাঁও’ এ যাওয়ার দিন আজ। প্রায় পাঁচ মাস পর আজ সন্ধ্যা সাতটায় শিল্পকলার মূলমঞ্চে মঞ্চায়িত হবে দেশ নাটকের ২২তম এই প্রযোজনা। নাট্যকার নির্দেশিত এই নাটকের রচয়িতা প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। নাটকটিতে বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, কামাল আহমেদ, মামুন চৌধুরী, ফিরোজ আলম, কুদ্দুছ মাখন, শাহেদ নাজির, মেঘলা মায়া, তামিমা তিথি, নয়ন মাহমুদ শূন্য, জলি চৌধুরী, শাফিজ আল মামুন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান ও আবিদুর রহমান আদর প্রমুখ। সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।
IMG0
এই গায়ের আসমান ফকির ভবিষত্দ্রষ্টা। সে দেখতে পায় সুরগাঁওয়ের পত্তনকারী আনাল ফকির ১৮০ বছর ফিরে আসছেন সুরগাঁওয়ে এবং ফিরেও আসেন। আনাল ফকির ফিরে আসার পরই নতুন এক সঙ্কটের মুখোমুখি হয় সুরগাঁও। সময়ের বিপরীতে ১৮০ বছর আনাল ফকির প্রত্নকাল ভ্রমণ করেছে। ভ্রমণ করে ব্যাবিলন, স্যার টমাস মুরের সময়কালের ইংল্যান্ড, কুরুরাজ্য, দামেস্ক, সক্রেটিসের সময়কালের গ্রিসসহ অনেক জায়গা। ভ্রমণকালে ব্যাবিলনের রাণী, স্যার টমাস মুর, পাণ্ডবভার্যা দ্রৌপদী, সক্রেটিসের বন্ধু ক্রিটো এবং দামেস্কোর আমীর অমূল্য কিছু উপহার দেয় আনাল ফকিরকে। কিন্তু কালের বিপরীতে ভ্রমণ এবং কালের গর্ভ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে তাম্রসেনার দল ঢুকে পড়ে সুরগাঁওয়ে। সুরগাঁওয়ে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। এভাবেই এগিয়ে যায় সুরগাঁও নাটকের কাহিনি।
ইত্তেফাক/এএম