শেষ হলো আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে প্রস্টেট সংক্রান্ত সেবা মাস। এই মাসে ৩০০ জন রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ৫০টি সফল অস্ত্রোপচার করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ইউরোলোজিস্ট ডা. আফিকুর রহমান, মেডিকেল এডুকেশন এর পরিচালক ডা. আনোয়ার হোসেন মুন্সি, আদ্-দ্বীন মেডিকেল কলেজ সমুহের পরিচালক ডা. তরিকুল ইসলাম।
সফল অস্ত্রোপচার সুবিধা নেয়া রোগীদের মধ্যে কেরানীগঞ্জের আব্দুর রহিম বলেন, প্রথমে আমি এসে যখন ডাক্তারের সাথে কথা বলি ডাক্তার আমাকে বলে অপারেশন করতে হবে। একথা শুনে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। হাত পা অবশ হয়ে আসে। কিন্তু ডাক্তারের কথা শুনে আমার সব ভয় দূর হয়ে যায়। আমি অপারেশনে রাজি হই।
বিশেষজ্ঞরা বলছেন, প্রস্টেট পুরষদের ইন্টারনাল অর্গানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা না থাকলে মানুষের জীবন শুধু ঝুঁকিপূর্ণ হয় তাই নয়, পুরুষের সুখময় দাম্পত্য জীবনেও নানা জটিলতা দেখা দেয়। এছাড়া প্রস্টেট এর নানা সমস্যা, নানা রোগের কারণে পুরুষেরা অসহ্য যন্ত্রণা ভোগ করেন। বিশেষ করে প্রসাব বন্ধ হলে তারা যন্ত্রনায় দিশেহারা হয়ে যান।
দেশের গরীব রোগীদের কথা চিন্তা করে বছরজুড়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকে আদ্-দ্বীন হাসপাতাল। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসজুড়ে এই মহৎ সেবাটিও বিনামূল্যে দিয়ে থাকেন তারা। এ বছরও এ চিকিৎসা সেবা কার্যক্রমে ৩০০ জনের বেশি রোগী প্রস্টেটজনিত সব ধরণের চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে অধ্যাপক ডা. আফিকুর রহমান নিজের তত্ত্বাবধানে ৫০ জন রোগীর সফল অস্ত্রোপচার করেছেন।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আমাদের হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্যারের স্বপ্ন দেশের মানুষের দোর গোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেলক্ষ্যেই আমরা দেশের গরীব রোগীদের জন্য যে কোনো চিকিৎসা সেবা অন্যান্য হাসপাতালের চেয়ে অনেক কম খরচে দিয়ে থাকি। আর সারা বছরই বিনামূল্যে চিকিৎসা পান অসংখ্য রোগী। প্রস্টেট গ্রন্থির সমস্যায় ভোগা রোগীর জন্যও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে বিনামূল্যে সেবা দেওয়া হয়।
ইত্তেফাক/কেআই