জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের অর্থদণ্ড স্থগিত করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও কাজী কামালের পক্ষে শাহ মঞ্জুরুল হক শুনানি করেন।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দাখিল করা হয়। মামলায় কামালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। পাশাপাশি অর্থদণ্ডও দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তিনি গতকাল আপিল করেন। আপিলে বিচারিক আদালতের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছর ও তার পুত্র তারেক রহমানসহ ৫ জনকে দশ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। একইসঙ্গে জরিমানা করা হয় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা। উক্ত অর্থ সম অংকে ভাগ করে প্রত্যেক আসামির কাছ থেকে আদায় করতে বলা হয়।
ইত্তেফাক/এএম