প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সনদ। আজ বুধবার তথ্য কমিশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অমূল্য বিশ্ব সম্পদ ও ঐতিহ্য, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এ বজ্রকণ্ঠ আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা, হাজার বছরের বাঙালি জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির রক্ষাকবচ।
মরতুজা আহমদ বলেন, এ ভাষণ আমাদের সামনে এগিয়ে যাওয়ার মশাল, ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। মানুষের অধিকার আদায়ের হাতিয়ার ‘তথ্য অধিকার আইন’ সৃষ্টির বীজ নিহিত আছে এ ভাষণে।
আলোচনার শুরুতে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পেক্ষাপট তুলে ধরেন এবং উক্ত ভাষণের গুরুত্ব বর্ণনা করেন।
ইত্তেফাক/এমআই