বিভিন্ন সংগঠনের বর্ণিল বর্ষবরণ

ইত্তেফাক ডেস্ক

বর্ণিল আয়োজনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান উদযাপন করেছে বাংলা নববর্ষ।

বিএসএমএমইউ শিক্ষক সমিতি :বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে বর্ষবরণের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উত্সবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ শিকদার। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান। পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ শিকদার বলেন, বাংলাদেশের প্রথম ও প্রধান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবসম্মত কারণেই গবেষণার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে।

শেকৃবি: শেকৃবি সংবাদদাতা জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। রবিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একাডেমিক ভবন থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞসাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কেআইবি : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(কেআইবি) চত্বরে বর্ষবরণ আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র্যালি এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে উদযাপন করেন কৃষিবিদরা।

সুস্থ জীবন ও এসডিআই : বর্ষবরণ উপলক্ষে প্রাত:ভ্রমণকারীদের ধানমণ্ডি লেকপাড়ভিত্তিক সংগঠন ‘সুস্থ জীবন’ ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘এসডিআই’য়ের যৌথ উদ্যোগে ‘সুস্থ জীবন কর্ণারে’ পালিত হয় নানা কর্মসূচি। শোভাযাত্রা, আলোচনা সভা, ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, ফ্রি পানীয় জলের ব্যবস্থা, উন্মুক্ত দই-চিড়া-মুড়ি-মিষ্টি-সন্দেশ, শিশুদের জন্য চকলেট, আইসক্রিম, ফলারসহ অন্যান্য সুস্বাদু খাবার, শিশুদের মেহেদী পরানো, সংগঠনের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল দিনটিকে ঘিরে। সুস্থ জীবনের সাধারণ সম্পাদক মজুমদার গ্রুপের এমডি চিত্ত মজুমদার দৃষ্টি নন্দন উত্তরীয় পরিয়ে সদস্যদের বরণ করে নেন। বক্তব্য  রাখেন, সুস্থ জীবনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক ছাড়াও সংগঠনের সদস্য অধ্যাপক নিখিল চন্দ্র দাশ, বিভূতি ভূষণ সাহা প্রমুখ।