নুসরাতের জবানবন্দির ভিডিও

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

পুলিশের কাছে নুসরাত জাহান রাফির দেওয়া বক্তব্যের ভিডিও ধারণ ও তা প্রকাশের অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলা তদন্ত করে আগামী ৩০ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটির ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন।

যৌন নিপীড়নের পর সোনাগাজী থানায় গিয়ে নিজের জবানবন্দি দেন নুসরাত। ওসির মোয়াজ্জেমের রুমে জবানবন্দি দেওয়ার সময় ভিডিও ধারণ ও তা পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। থানার ভেতরে এমন ভিডিও ধারণ ও প্রকাশ ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। এই অপরাধে ওই ওসির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি আদালতে বলেন, যৌন হয়রানির বিষয়ে নুসরাত অভিযোগ করলে আসামিসহ তাকে থানায় নেওয়া হয়। সেই সময় ওসি মোয়াজ্জেম হোসেন তাকে জেরা করেন। জেরার সময় নুসরাতের কোনো আইনজীবী বা অন্য কোনো নারী পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন না। ওই জেরার ভিডিও ওসি নিজের মোবাইল ফোনে ধারণ করেন। এমনকি জেরার সময় নুসরাতকে তিনি আপত্তিকর কিছু প্রশ্ন করেন। নুসরাতের মৃত্যুর পরের দিন ১১ এপ্রিল ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।