বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। বাংলাদেশে এখন চমৎকার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিগত যেকোন সময়ের চেয়ে অনুকূলে। 
 
বৃহস্পতিবার হংকং-এ হোটেল শেরাটন এইচকে-তে প্রাইম সোর্স ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী ‘১৩তম প্রাইম সোর্স ফোরাম’ এর ‘দি গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর বাংলাদেশ’শীর্ষক কীনোট উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
 
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। বিনিয়োগকারীরা এখন শতভাগ বিনিয়োগ করতে পারবেন, প্রয়োজনে বিনিয়োগকৃত শতভাগ অর্থ এবং লাভ ফিরিয়ে নিতে পারবেন।   
 
তিনি বলেন, পণ্য রফতানি ক্ষেত্রে ডাবল টেক্স সিসটেম প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে হংকং-এর বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শূন্যহাতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এ মার্চ মাসেই বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তক্ষয়ীযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।
 
তিনি বলেন, বাংলাদেশ ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য ৬৮টি দেশে রফতানি করে আয় করতো ৩৪৮.৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ বিশ্বের প্রায় ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রফতানি করে আয় করছে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
 
ফোরামে যোগদিতে বাণিজ্যমন্ত্রী বুধবার রাতে হংকং-এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামীকাল মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।বাসস
 
ইত্তেফাক/ইউবি