রাস্তা বন্ধ করে সমাবেশ করা বেআইনী : ওবায়দুল কাদের

বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনীভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে এবং বৃহস্পতিবারের ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, আওয়মীলীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয়। কিন্তু বিএনপি প্রেসক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ রাস্তা বন্ধ করে সমাবেশ করা বেআইনী। আর পুলিশ কাউকে বেআইনী কাজ করতে দেবে না। 
 
তিনি বলেন, বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশতো তাদের ছেড়ে দেবে না। 
 
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি, মির্জা ফখরুলের এই অভিযোগের ব্যাপারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এর আগেও তারা সেখানে সমাবেশ করেছিল। অনুমতি দেয়ার ক্ষমতা পুলিশের। এ ব্যাপারে পুলিশই ভালো জানে। এখানে আওয়ামী লীগের কোন ভূমিকা নেই। 
 
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই সেটা হবে। শিডিউল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ ব্যাপারে করণীয় নেই। নির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশিনের আরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকাণ্ড চালাতে হবে। 
 
এর আগে সেতুমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে সংস্কার কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি গণ্যমাধ্যমকে জানান, এই সড়ক সংস্কারে ১৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাস সময় বেধে দেয়া হলেও আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করা হবে। 
 
ইত্তেফাক/ইউবি