উত্সবমুখর পরিবেশে ও ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার ভোর থেকে নগরীর ডিসি হিল পার্ক, সিআরবি সাত রাস্তার মোড় শিরীষতলা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কর্ণফুলী নদীর তীর, পতেঙ্গা সৈকতসহ বিভিন্ন এলাকায় দিনভর বর্ষবরণের অনুষ্ঠানমালা চলে। নাচ, গান, আবৃত্তি, বলিখেলা, বাঙালি খানাপিনার ব্যাপক আয়োজনে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এছাড়াও নগরীর ছোট-বড় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নববর্ষের ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। জনসাধারণ বর্ণাঢ্য পোশাকে নেমে আসে সড়কে। শিশু ও নারীরা ফুলের মুকুট পড়ে প্রদক্ষিণ করে নগরী। চট্টগ্রাম চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে বর্ষবরণের উত্সবের সূচনা হয় ‘সূচি অঙ্গন বাংলাদেশ’ এর শিল্পীদের ভৈরবী রাগের ধ্রুপদী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে। এরপর একে একে দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন, রক্তকরবী, ছন্দানন্দ, সুর সাধনা, শৈশব, সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। নরেন আবৃত্তি একাডেমি, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি। দলীয় নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর মুভমেন্ট, গুরুকূল আর ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান বক্তব্য দেন।