রূপগঞ্জে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার

প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধ থেমে নেই। নববর্ষের ছুটির মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। এর বাইরে আরো তিন জেলায় চারজন একই অপরাধের শিকার হয়েছে যাদের তিনজনই স্কুলছাত্রী। অন্যজন প্রতিবন্ধী। অন্যদিকে, শেরপুর ও রাজশাহীতে দুই মাদ্রাসা ছাত্রকে বলাত্কার করা হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: বৈশাখী মেলা শেষে করে বাসায় ফেরার পথে এক গার্মেন্টকর্মী (১৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা বান্ধবীটি দৌড়ে নিজেকে রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিযে তিন ধর্ষককে আটক করেছে। রবিবার রাতে রূপসী প্রধান বাড়ি সংলগ্ন বালুর মাঠে এ ঘটনা ঘটে।  রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আগেই থেকে ওত পেতে থাকা ৬ বখাটে যুবক ওই মেয়ে দুটির পথরোধ করে তুলে নিয়ে যায়। একজনকে রূপসী প্রধান বাড়ি সংলগ্ন বালুর মাঠে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। তবে অন্যজন নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পার্শ্ববর্তী মসজিদের ছাদে গিয়ে নিজেকে রক্ষা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জামালপুরের মেলান্দ টুপকার চর এলাকার আনিসুর রহমান, রূপসী প্রধান বাড়ির আনোয়ার হোসেনের ছেলে আকাশ মিয়া ও একই এলাকার ঈমান আলীর ছেলে ইসমাঈলকে আটক করেছে। বাকি তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাবনা প্রতিনিধি:পাবনায় অটোরিকশা যাত্রী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে আমিনপুর থানায় রবিবার রাতে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা স্কুল ছাত্রী পাবনার বেড়া উপজেলার আলহাজ্ব ইমান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের মোতালেব হোসেনের প্রতিবন্ধী মেয়ে মতি খাতুন (২৮) নববর্ষের দিন সন্ধ্যার দিকে আতাইকুলা ফুফুর বাড়ি থেকে গয়েশবাড়ী যাওয়ার পথে শিবপুর এলাকার মাঠের মধ্যে পৌঁছালে একই এলাকার কয়েক বখাটে যুবক তাকে মাঠে নিয়ে গণধর্ষণ করে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা: উপজেলার রাওনা বালিকা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে । সোমবার বিকালে এ ঘটনায় অভিযুক্ত দবির উদ্দিন (৫২) নামে   এক ব্যক্তিকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, অভিযোগের তদন্ত চলছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজারে ১৪ বছর বয়সের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। উপজেলার প্রভাকরদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত লিটনকে আটক করেছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় এক মাদ্রাসার ছাত্রকে বলাত্কারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ এপ্রিল রাতে উপজেলার শিলমাড়িয়ার মাদ্রাসায় বলাত্কারের ঘটনায় শনিবার বিকালে পুলিশ শিক্ষক আরিফুল ইসলামকে (২৫) গ্রেফতার করে। তিনি বাগমারা উপজেলার নাজিরপুর এলাকার লোকমান আলীর ছেলে।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, পাথরঘাটায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি জলিলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলার নিশানবাড়িয়ার গাজী মাহমুদ এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।