ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পৃথিবীর সুন্দরতম দেশ আমাদের বাংলাদেশ। ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এমন দেশ পৃথিবীতে আর নেই। আমাদের ছেলে-মেয়েরা মেধা, মনন ও বুদ্ধিতে জার্মান, জাপান, ইংরেজ, চীনা মানুষদের চেয়ে কোনো অংশেই খাটো নয়।
শনিবার সকালে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব। সকল অপশক্তিকে প্রতিহত করে সুখি-সমৃদ্ধশালী বাংলদেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।
ইত্তেফাক/ইউবি