সেনানিবাসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পত্নী রাশিদা খানম, পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তারাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা লেডিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় গলফ ক্লাবে পৌঁছলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। নৌবাহিনী প্রধান এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি হামিদ সশস্ত্র বাহিনীর পারফর্মার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। রাষ্ট্রপতি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে যোগ দেন।