কাকডাকা ভোরে রিজভীর নেতৃত্বে নয়া পল্টনে ঝটিকা মিছিল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৪০ দিন অবস্থানের পর শনিবার কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে সংবাদ সম্মেলন, বিবৃতি প্রদান করাসহ দলীয় দাফতরিক কাজ করে আসছেন। তিনি মাথায় গ্রেফতারি পরোয়ানা থাকায় কার্যালয় থেকে বের হন না। কিছু দিন আগে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে অফিস থেকে নীচে নামলে পুলিশ তাকে ধাওয়া করে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ছিল। এই কর্মসূচি পালন করতেই ফজরের নামাজের পর সাড়ে ৬টার দিকে কয়েকজন কর্মীকে নিয়ে ঝটিকা মিছিল বের করে পরে কার্যালয়ে প্রবেশ করেন।
 
একজন প্রত্যক্ষদর্শী জানান, খুব ভোরে তখনও নয়া পল্টনের সামনে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পৌঁছায়নি। ওই সময়ে মাত্র দুই মিনিটের একটি ঝড়ো গতির মিছিল করে কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব থেকে পশ্চিম মাথা পর্যন্ত যান রিজভী। আর এই সময়ের মধ্যেই কয়েকজন অনুসারী তার কিছু ছবি তুলে নেন। মিছিলে ১০-১২ জন সঙ্গে ছিল। রিজভী বহু মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে ২৯ জানুয়ারি থেকে তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।
 
ইত্তেফাক/এমআই