আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। সিঙ্গাপুরে ভাড়া বাসার আশেপাশে, কখনো পার্কের সবুজে নিয়মিত হাঁটাচলা করছেন। সময় কাটছে তার দেশের বিভিন্ন টিভি চ্যানেল দেখে। আজ মঙ্গলবার তার চিকিত্সার বিষয়ে একটি ফলো-আপ রয়েছে। তারপরই সিদ্ধান্ত হবে তিনি কবে দেশে ফিরবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক এ তথ্য জানান। সোমবার সিঙ্গাপুর থেকে তিনি দেশে ফিরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের চিকিত্সার খোঁজ-খবর নেওয়ার জন্য অধ্যাপক ডা. হারিসুল হককে সেখানে পাঠান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সকরা আগেই জানিয়েছিলেন ওবায়দুল কাদের মধ্য এপ্রিলে দেশে ফিরতে পারবেন। সে হিসেবে এখন তার দেশে আসার কথা।