বিএনপি কয়েকটি প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেয়নি। এর ফলে একাধিক দুর্বল প্রজন্ম তৈরি হয়েছে, যাদের অনেকে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়েছে-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দিনাজপুর শাখা আয়োজিত শিশু সমাবেশ, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু-কিশোরদের উদ্দেশ্যে খালিদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। সমতাভিত্তিক সমাজ নির্মাণে তোমাদের কাজ করতে হবে। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে। এই দেশ, এই জাতির নির্মাতা তিনি। ৭ মার্চের ঐতিহাসিক এ ভাষণটি সবাইকে বার বার শোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কালজয়ী ভাষণ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নিদের্শনা। এই ভাষণ বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে উজ্জীবিত করেছিল।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি