তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নেমে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। এ বিষয়ে গতকাল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বিজেপি ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে। গত রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেন ফেরদৌস। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, এমনটা আগে কখনও দেখেনি। কাল হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল। উত্তর দিনাজপুরে মুসলিম ভোটার প্রায় ৫১ শতাংশ। রায়গঞ্জে এবার চতুর্মুখী লড়াইয়ে মুসলিম ভোট ফারাক গড়ে দিতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। সেই মুসলিম ভোটের লক্ষ্যেই বাংলাদেশের অভিনেতা ফেরদৌসকে প্রচারে নামায় তৃণমূল।