বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে যে লুটপাট, অত্যাচার ও নির্যাতন করেছে মানুষ এখনো তা ভুলেনি। তারা (বিএনপি) আবার যদি সুযোগ পায় তাহলে মানুষকে ঘরছাড়া করবে। 
 
রবিবার দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মাস্টারের সভাপতিত্বে  সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বক্তৃতা করেন। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করেছেন। স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। কিন্তু আজ দুর্নীতির মামলায় তিনি (খালেদা জিয়া) কারাগারে রয়েছেন। কোর্ট তাকে সাজা দিয়েছে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। 
 
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বপ্ন দেখেছিলেন। সারা জীবন তিনি জেলে কাটিয়েছেন। জাতির জনকের জন্ম না হলে আজো আমরা পাকিস্তানের দাসত্ব হয়ে থাকতাম। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। 
 
তিনি বলেন, বিএনপি সরকারের আমলেও ভোলায় মন্ত্রী ছিল। কিন্তু তারা নদী ভাঙ্গন বন্ধ করতে পারেনি। বর্তমান সরকার দক্ষতায় এসে নদী ভাঙ্গন বন্ধ করতে সক্ষম হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি