রাজনীতিতে শেখ পরিবারের নতুন মুখ তন্ময়ে মুগ্ধ খুলনাবাসী

বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভায় দ্যুতি ছড়ালেন বিনয়ী, তেজদীপ্ত ও তারুণ্যের প্রতীক শেখ সারহান নাসের তন্ময়। তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের নাতি। তার বাবা বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
 
শেখ হেলালের একমাত্র ছেলে শেখ সারহান তন্ময় সম্প্রতি খুলনার সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বক্তব্যে মুগ্ধ হন উপস্থিত জনতা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ইতোমধ্যে খুলনায় রাজনীতিতে শিক্ষিত, সুদর্শন, হাস্যোজ্জ্বল, সুবক্তা, শেখ পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে আলোচনায় শেখ তন্ময়। এর আগে তন্ময়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন সৃষ্টি হয়েছে শুধু তাই নয় ইউটিউবে তার একাধিক বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে। 
 
খুলনা সার্কিট হাউসের মাঠে আওয়ামী লীগের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের নাতি শেখ সারহান নাসের তন্ময় বলেন,‘আমি এতো সুন্দর করে গুছিয়ে বক্তব্য দিতে পারি না। এখনো সেটা শিখে নিতে পারিনি।
 
প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই মুরুব্বীদের। আমাকে আপনারা সুযোগ দিয়েছেন, আপনাদের কাছ থেকে রাজনীতি শিখতে এসেছি। আপনারা বাংলাদেশ আওয়ামীলীগ এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
 
এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এখানে এসেছেন। আপনারাদের শুধু এতোটুকু আশ্বস্ত করতে পারি যে, আমাদের নেত্রী খুলনাবাসী এবং দক্ষিণ অঞ্চলের মানুষদের ভুলে যাননি। কোন উন্নয়নের দিক থেকে আমরা পিছিয়েও নেই।
 
এ বিষয়ে বিএনপি-জামায়াত জোট শাসনামলের দিকে ইঙ্গিত করে শেখ তন্ময় বলেন, ২০০১ সালের পরে কী হয়েছিল এ দেশে ? জানি আপনাদের তা স্মরণ আছে।
 
IMG0
 
আমাদের কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজ আপনাদের নেত্রী এসেছেন। আপনারাও সবাই ঐক্যবদ্ধভাবে এসেছেন। আমরা আগামী নির্বাচনে প্রমাণ দিবো, খুলনা অঞ্চল জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, খুলনা নৌকার ঘাঁটি, খুলনাবাসী বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।
 
শেখ তন্ময় তার বক্তৃতায় আরো বলেন, রাজনৈতিক মাঠের অনেক অভিজ্ঞ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। ওনারা আমাদের দিক নির্দেশনা দিবেন। আশা করি দেশের জন্য কিছু করতে পারবো। 
 
দেশে ফেরার পর থেকেই তন্ময় বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। আর তন্ময় আগামী জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে নৌকার প্রার্থী হতে পারেন বলেও মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুলনার জনসভায় বক্তব্য রাখেন। সভায় বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ হেলাল এমপিসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মুন্নাজান সুফিয়ান, আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল করিব কাওছার, পারভীন জামান কল্পনা প্রমুখ। এছাড়াও খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ফুটবলার সালাম মুর্শেদী বক্তব্য রাখেন। জনসভা যৌথভাবে পরিচালনা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
 
ইত্তেফাক/ফারহান/রেজা