খুনিদের রেহাই নেই :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীরা আইনের হাত থেকে রেহাই পাবে না।’ গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে নুসরাতের বাবা একেএম মুসা এবং মা শিরীনা আক্তার সাক্ষাত্ করেন। তখন প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী নুসরাতের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা। নুসরাতের বাবা-মা এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নুসরাতের দুই ভাই এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

নুসরাতের ভাইকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

এদিকে নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকরি পেয়েছেন। ব্যাংকটি তাকে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে। 

আরও পড়ুন: মকছুদ ও এক শিক্ষক টাকা দেয় খুনিদের

গতকাল নুসরাতের পরিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোমানের হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন।

ইত্তেফাক/নূহু