গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকা থেকে রহিম মন্ডল (২৭) নামে এক যুবককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার সকাল ৬ টার দিকে উপজেলার ৭ নং ওয়ার্ডের হরিণহাটি এলাকার রাস্তা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি বস্তার ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রহিম মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর থানার শ্রীফলাকাঠি গ্রামের রাজ্জাক মন্ডলের ছেলে। তিনি তার বোনের সাথে কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হরিণহাটি এলাকার একটি বাসায় ভাড়া থেকে রিকশা চালাতেন।
রহিম জানান, গত রবিবার রাত পৌনে ১০টার দিকে প্রতিদিনের মত রিকশা চালিয়ে বাসায় ফেরার পথে স্থানীয় মুরগি বিক্রেতা আলী ফকিরের সাথে তার দেখা হয়। তিনি আলী ফকিরকে বলেন, “আঙ্কেল আপনি ওই খারাপ মেয়ে স্বপনার সাথে অবৈধভাবে মেলামেশা করেন এটা আমি জানি। মেয়েটা ভাল না আপনি কেন তার সাথে মেলামেশা করেন?” এ কথা বলতেই আলী ফকির ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে আলী ফকিরের ছেলে মোঃ আরাফাত হোসেন (২৪) আরো কয়েকজন যুবককে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে তাকে মারধর করে। একপর্যায়ে আলী ফকির এবং কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পাওয়া একাধিক মামলার আসামি মোঃ হানিফ (২৮) তার হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এঘটনার পর সন্ত্রাসীরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে বস্তাবন্দি করে ওই রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। রহিমকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রিকশাচালক রহিম মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।