ডিবি পরিচয়ে ব্যবসায়ী ও শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী বাজার মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ী ও একজন মাদ্রাসা শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টায় ওই এলাকা থেকে ব্যবসায়ী ইকবাল হোসেন ও মাদ্রাসার শিক্ষক জাহেদুর রহমানকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পাঁচদিন পরও তাদের সন্ধান  মেলেনি। গতকাল সোমবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। 

নিখোঁজ ইকবাল হোসেনের ছোট ভাই মোস্তফা কামাল লিখিত বক্তব্যে বলেন, ওই দুইজনকে তুলে নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে মাইক্রোবাসের লোকেরা নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। এ ঘটনার পর তিনি নারায়ণগঞ্জ জেলা ডিবি অফিস, র্যাব ও সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়েছেন। পরে তিনি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেনের স্ত্রী হাবিবা আক্তার বলেন, তার স্বামী এলাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে কি অপরাধে তুলে নেওয়া হয়েছে তা তিনি বলতে পারেন না। জায়েদুর রহমানের স্ত্রী দাবি করেন, তার স্বামী কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। পাঁচদিন ধরে নিখোঁজ হওয়ায় তার পরিবার দিশেহারা। স্বামীকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজির সুদৃষ্টি কামনা করেন তিনি।