রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৯ এপ্রিল ধার্য করেছে আদালত।
আজ সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্ত এ দিন পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ওই বাড়িতে গত ২৬ জুলাই ভোরে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যান। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থা আটক করে পুলিশ। পালিয়ে যান একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।
ইত্তেফাক/কেকে