বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে গণতন্ত্র এখন কবরে চলে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে। ২০১৪ সালে আওয়ামী লীগের একক নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছিল আর ২০১৮ সালে আগের রাতের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা আর অনিচ্ছার উপরেই আইনের গতিপ্রবাহ নির্ধারিত হচ্ছে, বিচারও হচ্ছে। ১/১১ এর অবৈধ সরকারের আমলে দায়ের করা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ৯শ মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ বেগম খালেদা জিয়ার কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। বরং আরো মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও আইনের শাসন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্থাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
গত বাংলা বছর বিএনপি পরিবার
ভালো ছিল না
গত বাংলা বছরে বিএনপি পরিবার ভালো ছিল না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি পরিবার গত এক বছর খালেদা জিয়াকে সামনে পায়নি। গত রবিবার রাজধানীর নয়াপল্টনে পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।