চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল মামলায় ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ দণ্ড প্রদান করেন।
তারা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ওরফে মহবুল (২৫), একই গ্রামের মোসলেম আলীর ছেলে মো. জ্যান্টু (৩০) ও মো. রহমান আলীর ছেলে ইয়াসিন আলী (২৪)।
সরকারি অতিরিক্ত কৌশলী আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩ আগস্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্টলিংক লিমিটেডের ৫নং ফটকে উৎপেতে থাকে। সেখান দিয়ে যাবার সময় সাহেদুল ওরফে মহবুল, মো. জ্যান্টু ও ইয়াসিন আলীকে তল্লাশি করে কোডিন মিশ্রিত ৮৫ বোতল ফেনসিডিলসহ আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে।
এঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৩ সালের ২৫ অক্টোবর আদালতে সাহেদুল ওরফে মহবুল, মো. জ্যান্টু ও ইয়াসিন আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে সোমবার বেলা সোয়া ১১টায় আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করা হয়।
ইত্তেফাক/আরকেজি