খালেদা জিয়ার জামিন মঞ্জুরে বিচার বিভাগ স্বাধীন প্রমাণিত: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুরের পর আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। বিচার কার্যক্রম স্বাধীনভাবে চলছে। বর্তমান সরকার বিচার বিভাগের ওপর কোন ধরনের হস্থক্ষেপ ও প্রভাব ফেলছে না। 
 
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃদিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপট ও চলমান রাজনৈতিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছ এমপি, চিত্রনায়িকা ফারজানা আমিন নতুন, বঙ্গবন্ধু সাংস্কৃদিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
 
‘সরকার স্বাধীনভাবে আদালত কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, এই রায়ের ফলে বিএনপি নেতাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপি নেত্রীর দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে। দুর্নীতি সম্পর্কে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির ফলে এটা সম্ভব হয়েছে।
 
তিনি বলেন, খালেদা জিয়ার মামলায় সরকারের কোন হাত নেই। এটা একটি দুর্নীতি মামলা। এ মামলার রায়ের পর বিদেশি কোন রাষ্ট্রের প্রতিক্রিয়া নেই। দেশের মানুষেরর কোন সাড়া মেলেনি। কিন্তু এ রায় নিয়ে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু জঙ্গিদের আশ্রয়-প্রশয়দাতা না, তারা এ দেশের দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশয়দাতা। এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বাসস।
 
ইত্তেফাক/এমআই