খুবিতে কটকা ট্রাজেডি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত হয়েছে। 
 
২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকা সমুদ্র সৈকতে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। 
 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার চত্বর হয়ে কটকা স্মৃতি স্তম্ভ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দু’পাশের সারিবদ্ধ গাছে কালো কাপড় দিয়ে তার ওপর নিহত শিক্ষার্থীদের নাম কাঠের উপর খোঁদাই করে লিখে শোকের আবহ তৈরি করা হয়। সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন প্রশাসন ভবনের সামনে থেকে শোকর‌্যালি শুরু হয়ে কটকা স্মৃতি স্তম্ভে পৌঁছায়। 
 
শোকর‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরে কটকা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 
 
পরে পর্যায়ক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, খানজাহান আলী হল, অপরাজিতা হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল, স্থাপত্য, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, ব্যবসায় প্রশাসন, নগর ও গ্রামীণ পরিকল্পনা, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রোটেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ফার্মেসি, গণিত, সায়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইংরেজি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, বাংলা, পরিসংখ্যান, ডিভেলপমেন্ট স্টাডিজ, ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, মানবসম্পদ ও ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইতিহাস ও সভ্যতা, আইন ও বিচার ডিসিপ্লিন, আইইআর, ছাত্রদের সংগঠন ছায়াবৃত্ত, চেতনা ৭১ ও নৃ-নাট্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি