মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নির্বাচন এলেই বিভিন্ন দলের প্রার্থীরা নারীদের কাছে ভোটের জন্য ছোটে। নির্বাচিত হলে তাদের খবর আর রাখে না। অথচ শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কেউ নারী সমাজের ভাগ্য উন্নয়নের কথা ভাবে না। দেশে যখনই শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখনই এদেশের নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি।
বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশে ৪০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করছে। নারীর ক্ষমতায়নে ও তাদের ভাগ্য উন্নায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বঙ্গবন্ধু কন্যা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তাদের প্রশিক্ষিত করছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের অর্ধেক নারী সমাজকে দারিদ্র রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণেই সরকার দারিদ্র বিমোচনে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, দেশে একটি নারীও অবহেলিত থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূইয়া, পরিমল চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আবুবকর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, শর্মিলী দাস মিলি প্রমুখ।
ইত্তেফাক/ইউবি