ছাত্রদল নেতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার অভিযোগ সঠিক নয়: আইজিপি

রাজধানীর তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন পুলিশ হেফাজতে মারা গেছে এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। 
 
বৃহস্পতিবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মহানগর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। পরে তিনি একই স্থানে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন। 
 
তিনি বলেন, ছাত্রদল নেতাকে কারাগারে কোনো নির্যাতন করা হয়েছে কি না তা’ তদন্ত করে দেখা হবে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর কোন অন্যায় বা অবহেলা মেনে নেয়া হবে না। 
 
এদিকে ছাত্রদল নেতা মিলন মারা যাওয়ার পর থেকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পুলিশি হেফাজতে নির্যাতনের কারণেই কারাগারে অসুস্থ হয়ে ছাত্রদল নেতা মিলনের মৃত্যু  হয়েছে।
 
আইজিপি আরো বলেন, মাদক দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটিকে মোকাবিলা করতে হবে সমন্বিতভাবে। আর এজন্য পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রয়াস ছাড়া মাদক নির্মূল করা কোনোভাবেই সম্ভব না।
 
সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আব্দুল খালেক এমপি, মিজানুর রহমান মিজান এমপি, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মেদ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি