আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়তে: নারায়ণ চন্দ্র চন্দ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়তে। যেই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত বাংলাদেশ। ধর্ম, শান্তি, মানবতাকে সমুন্নত রেখে আমাদের দেশের কল্যাণে কাজ করতে হবে।
 
তিনি বলেন, যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চায় তারা আমার দেশ, মাটি ও মানুষের শত্রু। তাদের সকল কর্মকাণ্ড থেকে পরিহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। তিনি শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
এ সময় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাদারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা শম্ভুনাথ রায় প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি