বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বস্ত্রখাতের যথাযথ উন্নয়ন নিশ্চিত করতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ মঙ্গলবার কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ খাতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল এবং খাদিজাতুল আনোয়ার সভায় অংশগ্রহণ করেন।
সভায় বস্ত্রখাত সম্পর্কে আলোচনা করা হয়। বস্ত্রখাতে ১৬টি উন্নয়ন প্রকল্প চলমান ও ১৬টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
সভায় বস্ত্র আইন ২০১৮কে ফলপ্রসূ ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে তাদের চাহিদা মোতাবেক সেবা প্রদান নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সভায় বিজেএমসি সম্পর্কে আলোচনা করা হয়। শ্রমিক অসন্তোষ দূর করার লক্ষ্যে বকেয়া মজুরী পরিশোধসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
আরো পড়ুন: ১৫ মের মধ্যে পাহাড়ে উচ্ছেদ, ৩০ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ-গ্যাস বন্ধ
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ‘শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া ‘শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন’ ও ‘শেখ হাসিনা টেক্সটাইল কলেজ নির্মাণ’ শীর্ষক বৃহৎ প্রকল্প দু’টি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং স্থায়ী কমিটির পরামর্শ মোতাবেক কোনো প্রকল্প গ্রহণ করার পূর্বে জমি নির্বাচন ও অধিগ্রহণ নিশ্চিত করে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।
কমিটির পরবর্তী সভায় পাট অধিদপ্তর ও জেডিপিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, বিজেএমসি, বিটিএমসি ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই