আইনস্টাইনের আগেই ‘আপেক্ষিকতা তত্ত্ব’ ব্যাখ্যা করে বেদ, হকিং তা জানতেন: ভারতের বিজ্ঞানমন্ত্রী

ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে স্মরণ করে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ‘আইনস্টাইনের চেয়েও হিন্দুশাস্ত্র বেদ এগিয়ে এবং স্টিফেন হকিং তা মানতেন।’ এসময় মন্ত্রী আরো দাবি করে বসেন যে, ‘হকিং বলেছিলেন, বেদের তত্ত্বগুলি সম্ভবত আইনস্টাইনের বিখ্যাত E = mc2 (শক্তির পরিমাণ = বস্তুর ভর × আলোর বেগের বর্গ) সূত্রটির চেয়েও উন্নত।’
 
এই মন্তব্যের পরপরই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। কবে কোথায় এমন কথা বলেছিলেন হকিং? যদি বলে থাকেন, তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি? এমনসব প্রশ্নের জবাব এড়িয়ে মন্ত্রী এর দায় ঠেলে দিয়েছেন সাংবাদিকদের দিকেই। তার বক্তব্য, ‘যা বলার প্রকাশ্য মঞ্চেই বলেছি। আপনারাই খুঁজে দেখুন। না পেলে দিল্লীতে আমার কাছে আসবেন।’
 
তবে হকিং এমনটা বলেছিলেন, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইন্টারনেটে খুঁজলে হকিং ও বেদ নিয়ে যে কয়েকটি লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেগুলি বেদচর্চার বিভিন্ন ওয়েবসাইট। এর একটির দাবি, তারা কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও শিল্প গবেষণা দফতরের স্বীকৃত সংস্থা। সেগুলিতেও সরাসরি হকিং ওকথা বলেছেন, তার উল্লেখ মেলেনি। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু